কখন শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময়সীমা

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বনির্ধারিত ২১ এপ্রিলের (মঙ্গলবার) সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ালেও, নতুন কোনো সমঝোতা না হলে বুধবার সন্ধ্যার পরই পুনরায় হামলা শুরু করার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২০ এপ্রিল) ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতির মেয়াদ বুধবার সন্ধ্যা (ওয়াশিংটন সময়) পর্যন্ত নির্ধারণ করেছি। এরপর এই মেয়াদ আর বাড়ানোর সম্ভাবনা নেই এবং এর পরপরই আবারও বোমাবর্ষণ শুরু হতে পারে।’ 

তবে তিনি এও যোগ করেন যে, কোনো ‘খারাপ চুক্তির’ জন্য তিনি তাড়াহুড়ো করবেন না।

আলোচনার সঙ্গে জড়িত পাকিস্তানি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই যুদ্ধবিরতির চূড়ান্ত মেয়াদ শেষ হবে ওয়াশিংটন সময় বুধবার রাত ৮টায় (জিএমটি অনুযায়ী বুধবার মধ্যরাত)। সে হিসেবে ইরানে সময় থাকবে বৃহস্পতিবার ভোররাত ৩টা ৩০ মিনিট। অর্থাৎ, এই সময়ের মধ্যে কোনো সমাধানে না পৌঁছাতে পারলে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বেজে উঠবে।

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। তবে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরান যদি আলোচনায় ইতিবাচক সাড়া দেয়, তবে আজ মঙ্গলবারই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি শক্তিশালী প্রতিনিধিদল ইসলামাবাদের উদ্দেশে রওনা হতে পারে। এই দলে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জারেড কুশনারও থাকতে পারেন।

এদিকে আলোচনার পরিবেশ নিয়ে তেহরানের অবস্থান অত্যন্ত কঠোর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া কোনো অর্থবহ আলোচনা সম্ভব নয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও জানিয়েছেন, চাপের মুখে ইরান কোনো চুক্তিতে সই করবে না।

সবচেয়ে কঠোর বার্তা দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মঙ্গলবার সকালে এক্সে (টুইটার) তিনি লিখেছেন, ‘হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে ‘আত্মসমর্পণের টেবিল’ বানাতে চাইছেন। মনে রাখবেন, যুদ্ধক্ষেত্রে নতুন চমক (সারপ্রাইজ কার্ড) দেখানোর জন্য আমরাও প্রস্তুত আছি।’ সূত্র: আল জাজিরা

FJ
আরও পড়ুন