যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে।
জাহাজ চলাচল বা শিপিং শিল্পবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘লয়েডস লিস্ট’-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
লয়েডস লিস্টের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল মাসের তুলনায় মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি রেকর্ড ৮৪ শতাংশ কমে গেছে। শুধু তাই নয়, এপ্রিলের শেষ পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসের যে গড় তেল রপ্তানি ছিল, তার তুলনায় মে মাসে ইরানের অপরিশোধিত তেল রপ্তানি ৮৭ শতাংশ কম ছিল বলেও সাময়িকীটি উল্লেখ করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন বাহিনীর হাতে আটক বা অবরুদ্ধ হওয়ার ঝুঁকি এড়াতে ইরান এখন তেল পরিবহনের কৌশলে পরিবর্তন এনেছে। বিশাল আকৃতির তেলবাহী জাহাজ মার্কিন বাহিনীর দ্বারা পথিমধ্যে আটকে যাওয়ার উচ্চ ঝুঁকি থাকায়, ইরান এখন অপরিশোধিত তেল সরবরাহের জন্য তুলনামূলক অনেক ছোট ছোট অয়েল ট্যাংকার ব্যবহার করছে।
তেল রপ্তানিতে এই ধস নামার পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে মার্কিন বাহিনীর শুরু করা জোরালো নৌ-অবরোধ।
এর আগে, গত ২ মার্চ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি অবরোধ আরোপের ঘোষণা দিয়েছিল। তার জবাবেই মূলত এপ্রিলের মাঝামাঝি থেকে মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করা শুরু করে।
ইরান যুদ্ধ ঠেকাতে মার্কিন প্রতিনিধি পরিষদে রেজল্যুশন পাস