বিউফোর্ট দুর্গের কাছে ইসরায়েলি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর

আপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৪৮ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাংক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিউফোর্ট দুর্গসংলগ্ন এলাকায় অবস্থানরত ট্যাংকটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং এতে সেটি ধ্বংস হয়ে যায়।

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ শহরের কাছে অবস্থিত বিউফোর্ট দুর্গটি তিন দিন আগে ইসরায়েলি বাহিনী দখল করে। হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানে এই দুর্গকে প্রতীকী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থান হিসেবে বিবেচনা করছে ইসরায়েল।

তবে দুর্গটি দখলের পর থেকেই এলাকাটি সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিভিন্ন হামলা ও ড্রোন আক্রমণে বিউফোর্ট দুর্গের আশপাশে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা কালাআত আল-শাকিফ এলাকার উপকণ্ঠে নবগঠিত একটি ইসরায়েলি সামরিক রসদ সহায়তা কেন্দ্রেও হামলা চালিয়েছে। বিউফোর্ট দুর্গটি এই এলাকাতেই অবস্থিত।

সংগঠনটির দাবি অনুযায়ী, ওই স্থাপনাটি সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বাহিনীর লজিস্টিক ও সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে হামলার ফলে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন