রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলে অপরিশোধিত তেল পরিবহনের পাম্পিং স্টেশন লক্ষ্য করে একাধিক ড্রোন হামলার দাবিও করেছে গোষ্ঠীটি। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাঁদের বাহিনী রিয়াদের বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ছাড়া সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে তেল পাম্পিং স্টেশন লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি বাহিনী জানিয়েছিল, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার সময় প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর জবাবে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দুটি স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানায় ইয়েমেনে হুথিবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া সৌদি নেতৃত্বাধীন জোট।

এর আগে রোববারও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দাবি করেছিল হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের খামিস মুশাইত এলাকার কিং খালিদ বিমানঘাঁটি এবং জিজান এলাকার একটি নৌঘাঁটিতে হামলা চালানোর কথাও জানায় তারা।

এদিকে, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট অন্তত ৫৬টি বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথিরা। তাদের দাবি, হোদেইদা, লাহিজ, আমরান, সাদা, আল-জাওফ, তাইজ ও ইব প্রদেশে এসব হামলা চালানো হয়েছে।

তবে হুথিদের দাবি করা হামলাগুলোর ক্ষয়ক্ষতি এবং সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে হামলার বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ওয়াইএ
আরও পড়ুন