যুদ্ধবিরতি লঙ্ঘন

লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ এএম

২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে বলে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএনএ এবং আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, দক্ষিণ লেবাননের জাবাল আল-রেইহান অঞ্চলের খাল্লাত খাজেম এবং আল-ওয়াজানিয়েহ এলাকায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়। এছাড়া পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের আশপাশের পাহাড়ি এলাকাগুলোতেও হামলার খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায়, লক্ষ্যবস্তু করা এলাকাগুলো থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হামলার পরও লেবাননের বিভিন্ন এলাকায় নিচু উচ্চতায় ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে চক্কর দিতে দেখা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, লেবাননের এসব এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর গোপন আস্তানা ও সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

২০২৩ সালের অক্টোবর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হলেও ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তা ভয়াবহ রূপ নেয়। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। পরিসংখ্যান অনুযায়ী, এই দীর্ঘস্থায়ী সংঘাতে এখন পর্যন্ত লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলা চলমান শান্তি প্রক্রিয়াকে আবারও ঝুঁকির মুখে ফেলল বলে আশঙ্কা করা হচ্ছে।

DR/AHA
আরও পড়ুন