খামেনির মৃত্যুর পর নতুন নেতা নিয়োগে চাপ দিচ্ছে আইআরজিসি

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর দেশটির ক্ষমতার শীর্ষ পদে কে বসবেন, তা নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপড়েন। সাংবিধানিক প্রক্রিয়া এড়িয়ে দ্রুত নতুন নেতা নিয়োগ দিতে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ‘ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী’ (আইআরজিসি) চাপ দিচ্ছে বলে খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা হলো ‘এসেম্বলি অব এক্সপার্টস’। তবে সংস্থাটি দাবি করছে, চলমান ভয়াবহ হামলা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে তাদের পক্ষে জরুরি বৈঠক ডাকা সম্ভব হচ্ছে না। এই সুযোগে আইআরজিসি আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতার শীর্ষে বসানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে অব্যাহত হামলার মুখে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক কাঠামোর মধ্যে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। চেইন অব কমান্ড বা নির্দেশ আদান-প্রদানের ক্ষেত্রে সমন্বয়হীনতা প্রকট হয়ে উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, কিছু সামরিক কমান্ডার ও সদস্য নির্দিষ্ট সময়ে নিজ নিজ ঘাঁটিতে রিপোর্ট করেননি। হামলার ভয়ে অনেকেই সতর্ক অবস্থানে চলে গেছেন, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে তুলছে।

সবচেয়ে বড় উদ্বেগ দেখা দিয়েছে জনঅসন্তোষ নিয়ে। আজ রোববার (১ মার্চ) দিনের আলো ফোটার পর দেশজুড়ে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। নেতৃত্ব সংকট, সামরিক বিশৃঙ্খলা এবং প্রবল জনবিক্ষোভ এই তিনমুখী চাপে বর্তমান ইসলামি প্রজাতন্ত্র এখন অস্তিত্ব সংকটের মুখে।

NB/
আরও পড়ুন