যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–র উত্তরসূরি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এ দায়িত্বে থাকা ইরানের বিশেষজ্ঞ পর্ষদ প্রায় সংখ্যাগরিষ্ঠ ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
রোববার (৮ মার্চ) পর্ষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ মেহদি মিরবাঘেরি বলেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য সমঝোতা তৈরি হয়েছে। তবে এখনও কিছু ‘প্রতিবন্ধকতা’ রয়ে গেছে, যেগুলোর সমাধান প্রয়োজন।
ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সি জানায়, পর্ষদের অভ্যন্তরে মূলত প্রক্রিয়াগত কিছু বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত সশরীরে বৈঠকের মাধ্যমে নেওয়া বাধ্যতামূলক কি না—এ প্রশ্নে সদস্যদের মধ্যে সামান্য মতভেদ দেখা দিয়েছে।
এর আগে শনিবার ৩ মার্চ বিশেষজ্ঞ পর্ষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য পর্ষদের সদস্যরা ‘এক দিনের মধ্যেই’ বৈঠকে বসতে পারেন।
এদিকে নূর নিউজ প্রকাশিত এক ভিডিও বার্তায় পর্ষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, বর্তমান পরিস্থিতিতে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত ভোট দেওয়া সম্ভব নাও হতে পারে।
তিনি আরও জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি গুরুত্বপূর্ণ পরামর্শের ভিত্তিতেই একজন প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই পরামর্শে বলা হয়েছিল—ইরানের সর্বোচ্চ নেতা এমন একজন হতে হবে, যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা নয়।
নির্বাচিত সম্ভাব্য উত্তরসূরির প্রসঙ্গে হায়দারি বলেন, এমনকি ‘বড় শয়তান’ বলে অভিহিত যুক্তরাষ্ট্রও তার নাম উল্লেখ করেছে।
উল্লেখ্য, কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, খামেনির ছেলে মোজতবা খামেনি তাঁর কাছে ‘অগ্রহণযোগ্য’ পছন্দ।
তথ্যসূত্র: রয়টার্স
ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪
লেবাননের হোটেলে ইসরায়েলি হামলা, নিহত ৪
