ইরানের নাগরিকদের জন্য কঠোর হুঁশিয়ারি

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান চরম উত্তেজনার মাঝে নিজ দেশের নাগরিকদের জন্য কঠোর হুঁশিয়ারি জারি করেছে ইরান। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, বিদেশে অবস্থানরত কোনো ইরানি নাগরিক যদি ওয়াশিংটন বা তেল আবিবের সঙ্গে কোনো ধরণের সহযোগিতা করেন, তবে তাদের ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে গণ্য করা হবে। এর দায়ে অভিযুক্তদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছে ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।

সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় গত বছরের অক্টোবরে প্রণীত একটি বিশেষ আইনের কথা উল্লেখ করে এই সতর্কতা দিয়েছে। ইসলামি দণ্ডবিধি অনুযায়ী, কোনো নাগরিক যদি ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শত্রু রাষ্ট্র বা গোষ্ঠীকে কোনো ধরণের গোয়েন্দা তথ্য প্রদান বা কৌশলগত সহযোগিতা করে, তবে তাদের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘জায়নিস্ট’ (ইসরায়েলি) শাসন ব্যবস্থা কিংবা মার্কিন সরকারের পক্ষে কাজ করা অথবা দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কোনো সরাসরি পদক্ষেপে অংশ নেওয়া হলে ২০১৩ সালের ইসলামি দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বিচার করা হবে। বিশেষ করে যারা বর্তমানে বিদেশ ভ্রমণে বা প্রবাসে রয়েছেন, তাদের কর্মকাণ্ডের ওপর নিবিড় নজরদারি চালানো হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, গত কয়েকদিনের ভয়াবহ যুদ্ধের আবহে দেশের ভেতর থেকে তথ্য পাচার রোধ এবং নাগরিকদের আনুগত্য নিশ্চিত করতেই তেহরান এই কঠোর আইনগত অবস্থান নিয়েছে। এর ফলে প্রবাসে থাকা ইরানিদের মধ্যে এক ধরণের আতঙ্ক ও অস্বস্তি তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।

NB/AHA
আরও পড়ুন