ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র মোজতবা খামেনিকে নিয়োগ করায় অসন্তোষ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

ফক্স নিউজের উপস্থাপক ব্রায়ান কিলমিড দাবি করেন, মোজতবা খামেনির নাম সামনে আসার পর তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেন। ট্রাম্প তাকে সরাসরি বলেন, আমি সন্তুষ্ট নই। তবে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি কিলমিড। উল্লেখ্য, ইরানের বিদায়ী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে মোজতবা খামেনির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে ইরান।

অপরদিকে, যুদ্ধ কখন শেষ হবে তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (৮ মার্চ) দ্য টাইমস অব ইসরায়েলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এ বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইসরায়েল একা যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না-এমন প্রশ্নে ট্রাম্প বলেন, আমার মনে হয় না, সেটি প্রয়োজন হবে।

সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। রবিবার বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। হামলার পর শোধনাগার থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানির এই স্থাপনা দেশটির জ্বালানি খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোম্পানি জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তারা চুক্তি অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না।

NB/AHA
আরও পড়ুন