ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত, দাবি স্কট রিটারের

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

ইরানের সাম্প্রতিক শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করেছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি (RT)-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক দাবি করেন।

টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে স্কট রিটারের এই বক্তব্যের বরাত দিয়ে জানানো হয়, ইরানের ছোড়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূমধ্যসাগর উপকূলীয় শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবনে সরাসরি আঘাত হানে। ওই হামলায় বাড়িতে অবস্থানরত ইদ্দো নেতানিয়াহু প্রাণ হারান।

রিটার আরও দাবি করেছেন, ইরানের এই হামলায় ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষেপণাস্ত্রের আঘাতে বেন-গভিরের বাড়িতে আগুন ধরে যায় এবং তিনি গুরুতর আহত হন। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ শুরু থেকেই এই দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি, বেন-গভির কোনো হামলায় নয়, বরং একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। স্কট রিটার ইসরায়েলের এই ব্যাখ্যাকে ‘প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এসব দাবিকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তিনি স্বাভাবিকভাবে তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিওতে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের দৃশ্য দেখা গেলেও, ইদ্দো নেতানিয়াহুর মৃত্যুর বিষয়টি এখন পর্যন্ত কোনো নিরপেক্ষ সূত্র বা আন্তর্জাতিক সংবাদসংস্থা নিশ্চিত করতে পারেনি।

উল্লেখ্য, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের সামরিক স্থাপনা ও কমান্ড সেন্টার লক্ষ্য করে তাদের উন্নত ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। গত কয়েক দিনে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, যার ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিয়েছে।

FJ
আরও পড়ুন