মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের উত্তেজনার মাঝে ইরাককে যেন কোনো ধরনের হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার না করা হয়, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সাথে এক ফোনালাপে তিনি এই সতর্কবার্তা দেন।
যুদ্ধ শুরু হওয়ার প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়। উদ্ভূত এই পরিস্থিতিতে সুদানি টেলিফোনে রুবিওকে স্পষ্টভাবে জানান, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা যেন প্রতিবেশী কোনো দেশ বা এই অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস থেকে জানানো হয়েছে, আল-সুদানি ইরাককে এই চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যেকোনো চেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। একইসাথে তিনি যেকোনো পক্ষের দ্বারা ইরাকের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘনের তীব্র বিরোধিতা করেন।
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইরাক এক জটিল অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ইরাকের অভ্যন্তরে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় ওই সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরাক ও আশপাশের অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করে আসছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে ইরাকের সাধারণ জনজীবন ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সূত্র: আলজাজিরা।
যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না ইরান: গালিবাফ
