ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পিএম

চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আঘাত পেলেও মোজতবা খামেনি বর্তমানে নিরাপদ এবং সুস্থ আছেন।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় পেজেশকিয়ান বলেন, তিনি মোজতবা খামেনির আহত হওয়ার খবর শোনার পর পরিচিত কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেন। তারা তাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও ভালো আছেন।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুদ্ধ চলাকালে মোজতবা খামেনি আহত হয়েছেন। তবে ওই প্রতিবেদনে তার আঘাতের ধরন বা অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

গত রোববার (১ মার্চ) ইরানের ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস ভোটের মাধ্যমে তাকে দেশের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করে। তিনি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় সন্তান।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় তেহরানে নিজ বাসভবনে নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য এবং একাধিক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান।

এই ঘটনার পর থেকেই মোজতবা খামেনিকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছিল।

যদিও মোজতবা খামেনি কখনও কোনো সরকারি দায়িত্ব পালন করেননি বা নির্বাচনে অংশ নেননি। তবুও তার বাবা সুপ্রিম লিডার থাকা অবস্থায় ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার উল্লেখযোগ্য প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ডের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা দীর্ঘদিন ধরেই আলোচিত।

৫৬ বছর বয়সী এই ধর্মীয় ব্যক্তিত্ব অবশ্য নিজে কখনও প্রকাশ্যে সুপ্রিম লিডার হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেননি। তবে তার বাবার বয়স ও শারীরিক অবস্থার কারণে বহুদিন ধরেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল।সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত