ইরান যুদ্ধের ১৪তম দিন, যা ঘটছে

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

ইরান যুদ্ধের ১৪তম দিনে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরানের রাজধানী তেহরান ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। একই সময়ে উপসাগরীয় বিভিন্ন দেশে পাল্টা হামলা ছড়িয়ে পড়েছে এবং হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে।

ইরানে পরিস্থিতি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো প্রকাশ্য বিবৃতি দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো বন্ধ না করা হলে ইসরায়েল ও মার্কিন সামরিক স্থাপনার ওপর হামলা অব্যাহত থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) সকালে ইসরায়েলি বাহিনী তেহরানে নতুন করে বড় পরিসরের বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।

এদিকে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, চলমান হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩৪৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছর পর্যন্ত।

হরমুজ প্রণালি বন্ধ, তেলের দাম বৃদ্ধি

পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করা কৌশলগত জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

ইরান জানিয়েছে, এই জলপথ তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। অন্য জাহাজগুলোকে পারাপারের আগে ইরানের অনুমতি নিতে হবে।

উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা

ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থাকা দেশগুলোর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বাহরাইন জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে তারা ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ১৯০টি ড্রোন ভূপাতিত করেছে।

সৌদি আরব পূর্বাঞ্চলের আকাশে ১০টি ড্রোন প্রতিহত করেছে এবং পরে আরও ২৮টি ড্রোন ধ্বংস করেছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং কয়েকটি হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরিয়ে নেওয়া ও জরুরি ব্যবস্থা

পরিস্থিতির অবনতির কারণে অস্ট্রেলিয়া সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল থেকে অপ্রয়োজনীয় কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নাগরিকদের দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে কাতার তার আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। তবে আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে নিতে কাতার এয়ারওয়েজ বিশেষ ১৪০টির বেশি ফ্লাইট চালু করেছে।

যুক্তরাষ্ট্রে রাজনৈতিক চাপ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত অগ্রসর হচ্ছে এবং মার্কিন সামরিক বাহিনী সফলভাবে অভিযান চালাচ্ছে।

তবে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী চাপও বাড়ছে। ২৫০টির বেশি সংগঠন কংগ্রেসকে যুদ্ধের অর্থায়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, মাত্র ছয় দিনে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে, যা দেশের জরুরি সামাজিক খাতে ব্যয় করা প্রয়োজন।

ইসরায়েলের অবস্থান

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে শাসন পরিবর্তনের পরিবেশ তৈরি করা সম্ভব, তবে সে সিদ্ধান্ত ইরানের জনগণের ওপর নির্ভর করবে।

এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানের বিপ্লবী গার্ডের বাসিজ বাহিনী পরিচালিত তেহরানের বিভিন্ন চেকপোস্টেও হামলা চালিয়েছে।

লেবানন ও ইরাকে উত্তেজনা

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে দাবি-পাল্টা দাবি উঠেছে।

এ ছাড়া লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে। সরকারি হিসাবে গত সোমবার (৯ মার্চ) থেকে এখন পর্যন্ত অন্তত ৬৮৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৯৮ জন শিশু। একই সঙ্গে প্রায় সাত থেকে সাড়ে সাত লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন