ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ১৫তম দিনে সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। পারস্য উপসাগর ও মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক হামলা, পাল্টা আক্রমণ, কূটনৈতিক চাপ এবং জ্বালানি সংকট—সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
ইরানে
সংঘাতের নতুন মাত্রা যোগ হয়েছে খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের এই গুরুত্বপূর্ণ দ্বীপে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। খার্গ দ্বীপকে তিনি ইরানের 'মুকুটের রত্ন' বলে উল্লেখ করেন, কারণ দেশটির প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি এই দ্বীপ হয়ে উপসাগর পেরিয়ে হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে যায়।
তবে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই দ্বীপটির তেল স্থাপনায় হামলা চালায়নি। তার ভাষ্য অনুযায়ী, 'শালীনতার কারণেই' তেল অবকাঠামো অক্ষত রাখা হয়েছে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দেয়, তাহলে তেল স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে পালিত আল-কুদস দিবসের অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন বলে তারা মনে করেন। অন্যদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর খামেনি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে তথ্য দিলে এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত এক হাজার ৪৪৪ জন নিহত এবং ১৮ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
উপসাগরীয় দেশগুলোতে
ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শুক্রবার (১৩ মার্চ) ছয়টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে পাঁচটি পূর্বাঞ্চলে এবং একটি 'এম্পটি কোয়ার্টার' মরুভূমি অঞ্চলে ধ্বংস করা হয়।
কাতারে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির সশস্ত্র বাহিনী। হামলার আগে সব মোবাইল ফোনে জরুরি নিরাপত্তা সতর্কতা পাঠানো হয় এবং এডুকেশন সিটির কিছু এলাকা সাময়িকভাবে খালি করে দেওয়া হয়।
বাহরাইনে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ওমানে ড্রোন পড়ে দুইজন নিহত হওয়ার ঘটনার পর দেশটির সুলতান হাইথাম বিন তারিক ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে ফোনালাপ হয়। তারা আঞ্চলিক উত্তেজনা কমাতে সংলাপের ওপর জোর দেন।
এদিকে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাহরাইন ও সৌদি আরবে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ফর্মুলা ওয়ান প্রতিযোগিতা বাতিল বা স্থগিত হতে পারে বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্রে
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল জানিয়েছেন, ইরানের ড্রোন হামলা ঠেকাতে মধ্যপ্রাচ্যে ১০ হাজার ইন্টারসেপ্টর ড্রোন পাঠানো হচ্ছে।
এ ছাড়া প্রায় আড়াই হাজার মেরিন সেনাসহ ইউএসএস ট্রিপোলি নামের একটি উভচর যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনাও অনুমোদন পেয়েছে বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।
কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে প্রতিরক্ষা সচিব হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শত্রুর প্রতি 'কোনো দয়া দেখাবে না।' এই মন্তব্যে কিছু মার্কিন আইনপ্রণেতা উদ্বেগ প্রকাশ করেছেন।
ইসরায়েলে
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, ২৮ ফেব্রুয়ারি অভিযান শুরু হওয়ার পর থেকে তারা ইরানে প্রায় সাত হাজার ৬০০টি এবং লেবাননে এক হাজার ১০০টি হামলা চালিয়েছে।
এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দুটি স্থানে ধোঁয়া উঠতে দেখা গেছে বলে বার্তা সংস্থার সাংবাদিকরা জানিয়েছেন।
লেবাননে
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শুরু থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৭৩ জন নিহত হয়েছেন। অবকাঠামোর ওপর আরও কঠোর হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল।
দেশটির দক্ষিণাঞ্চলের বোরজ কালাওইয়ে এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলায় ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
একই সময়ে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি ঘাঁটিতেও গোলা আঘাত হেনেছে বলে জানা গেছে।
হিজবুল্লাহ নেতা নাঈম কাসেম বলেছেন, ইসরায়েলের সঙ্গে তাদের “দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত” থাকতে হবে।
ইরাকে
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্সের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে ইরাকি কর্তৃপক্ষ জানিয়েছে। এতে দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে।
এর আগে কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হওয়ার পর ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি আক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
এদিকে তুরস্ক তার নাগরিকদের অপ্রয়োজনীয় কারণে ইরাক সফর না করার পরামর্শ দিয়েছে।
অর্থনীতি ও জ্বালানি বাজারে প্রভাব
এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজারে পড়েছে। তেলের দাম দ্রুত বাড়ছে এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে কানাডা ২৩ দশমিক ৬ মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে।
বিমান চলাচল খাতেও প্রভাব পড়েছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভারতের প্রধান বিমান সংস্থাগুলো টিকিটের মূল্য বাড়িয়েছে। সূত্র: আলজাজিরা
ইরান যুদ্ধের ১৪তম দিন, যা ঘটছে
ইরান যুদ্ধের ১৩তম দিন, যা ঘটলো
হরমুজ প্রণালী খুলতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের
চলমান সংঘাতে কোন দেশে কত জন নিহত?
আরব আমিরাতে বড় হামলার প্রস্তুতি, বন্দর এলাকা খালির নির্দেশ
নেতানিয়াহুর ৬ আঙুল ঘিরে নেটিজেনদের মধ্যে বিতর্ক
