লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:৩৩ এএম

লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৮২৬ জনে দাঁড়িয়েছে। চলতি মাসের ২ মার্চ থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী অভিযানে গত ১২ দিনে আহত হয়েছেন আরও অন্তত ২ হাজার ৯ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৪ মার্চ) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২ মার্চ থেকে দেশজুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৮২৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মর্মান্তিক বিষয় হলো, নিহতদের মধ্যে ১০৬ জন শিশু এবং ৬৫ জন নারী রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের এই হামলায় রক্ষা পাচ্ছেন না চিকিৎসাসেবার সঙ্গে জড়িতরাও। এখন পর্যন্ত ৩১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। সর্বশেষ বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি বোমা হামলা ও সরাসরি নিরাপত্তা ঝুঁকির কারণে লেবাননে ইতিমধ্যে ৫টি গুরুত্বপূর্ণ হাসপাতাল বন্ধ হয়ে গেছে। এতে করে আহতদের চিকিৎসা সেবা প্রদান করা কঠিন হয়ে পড়েছে। দেশটির সরকারি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের নিচে তল্লাশি অব্যাহত রাখায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত দক্ষিণ লেবানন ও বৈরুতের বিভিন্ন এলাকায় আবাসিক ভবন ও স্বাস্থ্যকেন্দ্রগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

NB
আরও পড়ুন