লেবাননের আরব আল-জাল গ্রাম

হামলার আগে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে যাওয়ার সতর্কতা ইসরায়েলের

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:১৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলার আগাম ঘোষণা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। মঙ্গলবার (১৭ মার্চ) দক্ষিণ লেবাননের ‘আরব আল-জাল’ (Arab al-Jal) গ্রামের বাসিন্দাদের এলাকা ছেড়ে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদরাঈ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি ম্যাপসহ এই সতর্কবার্তা প্রকাশ করেন। সেখানে সুনির্দিষ্টভাবে আরব আল-জাল গ্রামের বাসিন্দাদের একটি চিহ্নিত ভবন থেকে অন্তত ৩০০ মিটার দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আভিচাই আদরাঈ জানান, চিহ্নিত ওই ভবনটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তাদের সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। তিনি সতর্ক করে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী ওই এলাকায় আক্রমণ চালাবে। সুনির্দিষ্ট ওই ভবনের আশেপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য চরম ঝুঁকিপূর্ণ হতে পারে।’

উল্লেখ্য, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে লেবানন সীমান্তে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত তীব্র আকার নিয়েছে। ইসরায়েল প্রায়ই হামলার আগে এই ধরনের ‘ইভাকুয়েশন ওয়ার্নিং’ বা এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে থাকে, যা সাধারণত বড় ধরণের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার পূর্বলক্ষণ হিসেবে দেখা হয়।

DR/SN
আরও পড়ুন