বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একাধিপত্য এবং ‘আগ্রাসী’ পররাষ্ট্রনীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদে ওয়াশিংটনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কড়া সমালোচনা করে লুলা মন্তব্য করেছেন যে, মার্কিনীরা এমন এক ধারণা নিয়ে চলছে যেন তারা পুরো বিশ্বের মালিক।
লুলা আন্তর্জাতিক সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের একতরফা ভূমিকার সমালোচনা করে বলেন, একটি দেশ যখন নিজেকে বিশ্বের ভাগ্যবিধাতা মনে করতে শুরু করে, তখন বৈশ্বিক ভারসাম্য নষ্ট হয়। এই পরিস্থিতিতে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। লুলার মতে, নিরাপত্তা পরিষদের প্রধান দায়িত্ব হওয়া উচিত যেকোনো মূল্যে যুদ্ধ প্রতিরোধ করা, কিন্তু বর্তমানে সংস্থাটি সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হচ্ছে। তিনি এই বিশ্ব সংস্থাকে আরও শক্তিশালী ও স্বাধীন হওয়ার আহ্বান জানান।
ব্রাজিলীয় প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন যে, বর্তমান বিশ্ব আর একক কোনো শক্তির (Unipolar) অধীনে নেই। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা অপরিহার্য। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি বিশ্ব সংস্থাসমূহ এবং বড় শক্তিগুলো এখনই তাদের যুদ্ধংদেহী মনোভাব ত্যাগ না করে, তবে পুরো বিশ্ব এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে।
লুলার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভয়াবহ যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। লুলার এই অবস্থানকে ওয়াশিংটনের আধিপত্যের বিরুদ্ধে গ্লোবাল সাউথের দেশগুলোর ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রসূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ক্ষয়ক্ষতির হিসাব দিলো পেন্টাগন
