মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি মনে করেন, আলোচনার পথ খোলা থাকলে দুই দেশের মধ্যে একটি অর্থবহ সমঝোতায় পৌঁছানো সম্ভব।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির মার্কিন সহযোগী সিবিএস-এর জনপ্রিয় অনুষ্ঠান 'ফেস দ্য নেশন'-এ দেওয়া এক সাক্ষাৎকারে গ্রোসি এসব কথা বলেন।
রাফায়েল গ্রোসি জানান, তিনি নিয়মিত হোয়াইট হাউস এবং ইরান সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। তিনি বলেন, ‘আমি উভয় পক্ষের সাথেই গুরুত্ববহ আলোচনা করছিলাম। ইতোমধ্যে কিছু প্রাথমিক যোগাযোগ স্থাপিত হয়েছে এবং আমি আশা করি আমরা সেই সম্পর্কটি পুনরায় সক্রিয় করতে পারব।’
সাক্ষাৎকারে যখন তাকে প্রশ্ন করা হয় যে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর কোনো বাস্তব সম্ভাবনা আছে কি না, তখন ইতিবাচক উত্তর দেন গ্রোসি। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আলোচনার টেবিল সচল থাকে, ততক্ষণ একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা সবসময়ই টিকে থাকে।’
বিশ্লেষকরা মনে করছেন, আইএইএ প্রধানের এই মন্তব্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার বরফ গলাতে এবং যুদ্ধের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে ইরানের বিদ্যুৎ ও সামরিক স্থাপনায় হামলার হুমকির মুখে এ ধরনের কূটনৈতিক তৎপরতা বিশ্ববাসীর জন্য কিছুটা স্বস্তির বার্তা বহন করছে। সূত্র: বিবিসি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে তুরস্কের ব্যাপক তৎপরতা
