যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘আরও শক্তিশালী, ব্যাপক এবং ধ্বংসাত্মক’ হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।
বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্টের ভাষণের কয়েক ঘণ্টা পরেই এক বিবৃতিতে ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড- খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই হুমকি দেন।
এরআগে জাতির উদ্দেশ্যে ট্রাম্প বলেন, “আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে... যেখানে তাদের থাকা উচিত। মার্কিন বাহিনী ‘খুব, খুব শীঘ্রই’ তাদের যুদ্ধক্ষেত্রের সমস্ত লক্ষ্য পূরণ করবে।”
তিনি আরও দাবি করেন, ‘আজ ইরানের নৌবাহিনী নেই, তাদের বিমানবাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওপর তাদের নেতৃত্ব ও নিয়ন্ত্রণ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। এবং তাদের অস্ত্রশস্ত্র, কারখানা ও রকেট লঞ্চারগুলো ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে...।’
ট্রাম্পের এমন দাবির জবাবে জোলফাগারি বলেন, ‘আমাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে তোমাদের (যুক্তরাষ্ট্র-ইসরায়েলের) গোয়েন্দা তথ্য অসম্পূর্ণ। আমাদের ব্যাপক কৌশলগত সক্ষমতা সম্পর্কে তোমরা কিছুই জানো না।’
ওয়াশিংটনকে হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘মার্কিন বাহিনী ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছে, এমনটা যেন তারা ধরে না নেয়। আমাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার আক্রমণকারী ও নির্ভুল ড্রোন, আধুনিক বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং অন্যান্য বিশেষায়িত সামরিক সক্ষমতাসহ প্রধান প্রতিরক্ষা সরঞ্জামগুলো অক্ষত ও কার্যকর রয়েছে’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘তুচ্ছ’ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে উল্লেখ করে ইরানি কর্মকর্তা বলেন, ‘আমাদের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব স্থানে হয়, যে সম্পর্কে তোমরা জানো না এবং সেখানে কখনো পৌঁছাতেও পারবে না।’
জোলফাগারি আরও বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কৌশলগত ব্যবস্থাগুলো গণনা করার চেষ্টা করে লাভ নেই; তোমরা অবশ্যই ভুল করবে এবং কিছুই অর্জন করতে পারবে না।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই আগ্রাসনের মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়ে মুখপাত্র সতর্ক করে বলেছেন, ‘এই যুদ্ধ ততক্ষণ চলবে যতক্ষণ না আপনারা স্থায়ী অপমান, অনুশোচনা এবং আত্মসমর্পণের সম্মুখীন হন। আপনারা ইতোমধ্যে যে মারাত্মক আঘাতগুলো পেয়েছেন, তার ধারাবাহিকতায় আমাদের কাছ থেকে আরও বিধ্বংসী আঘাতের জন্য প্রস্তুত থাকুন।’ ।
সূত্র: তাসনিম নিউজ, এনডিটিভি

