ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সাময়িক যুদ্ধবিরতি অবশ্যই লেবাননের ক্ষেত্রেও কার্যকর করার দাবি জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার এক বিবৃতিতে বলেছেন, লেবাননে ইসরায়েলি বাহিনীর প্রাণঘাতী হামলা অব্যাহত থাকায় বর্তমান যুদ্ধবিরতি অসম্পূর্ণ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, কুপার জোর দিয়ে বলেছেন যে শান্তির স্বার্থে এই চুক্তির পরিধি বাড়ানো জরুরি। গত কয়েক দিনে লেবাননে কয়েকশ মানুষ নিহতের প্রেক্ষাপটে ব্রিটেনের পক্ষ থেকে এই বার্তা এলো।
একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর ইরান ও ওমানের ‘ট্রানজিট ফি’ বা টোল আদায়ের পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে যুক্তরাজ্য। ইভেট কুপার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে জাহাজ চলাচল অবশ্যই শুল্কমুক্ত (Toll-free) হতে হবে। তিনি মনে করেন, এই পথে কোনো ধরনের ফি আরোপ করা আন্তর্জাতিক বাণিজ্যের জন্য নতুন সংকটের সৃষ্টি করবে।
উল্লেখ্য, ইরান ও ওমান তাদের জলসীমা ব্যবহারকারী বাণিজ্যিক জাহাজগুলোর কাছ থেকে মাশুল আদায়ের পরিকল্পনা করছে এমন খবরের পরই পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছে। ব্রিটেনের এই অবস্থান ইঙ্গিত দেয় যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি হলেও জলপথের নিয়ন্ত্রণ এবং সংঘাতের বিস্তৃতি নিয়ে বিশ্বশক্তির মধ্যে টানাপোড়েন এখনো রয়ে গেছে।
লেবাননে ইসরায়েলি গণহত্যায় উদাসীন অস্ট্রেলিয়া
