যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের যেসব শর্ত প্রাধান্য পেয়েছে

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৬ এএম

চলমান সংঘাত নিরসনে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান। এই গুরুত্বপূর্ণ আলোচনায় কোন বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে, তা নিয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ইসমাইল বাগাই জানান, ‘পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টা ও মধ্যস্থতায় শনিবার সকাল থেকে শুরু হওয়া এই আলোচনা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে। ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে অসংখ্য বার্তা ও খসড়া বিনিময় হয়েছে।’

আলোচনার মূল এজেন্ডা সম্পর্কে তিনি লিখেছেন, ‘গত ২৪ ঘণ্টায় আলোচনার মূল বিষয়গুলোর বিভিন্ন দিক নিয়ে গভীরভাবে কথা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হরমুজ প্রণালি, পারমাণবিক ইস্যু, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে ও এই অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটানো।’

এ সময় যুক্তরাষ্ট্রকে সদিচ্ছা দেখানোর আহ্বান জানিয়ে ইরানের এই মুখপাত্র আরও লেখেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য পুরোপুরি নির্ভর করছে প্রতিপক্ষের আন্তরিকতা ও সদিচ্ছার ওপর। পাশাপাশি তাদের অতিরিক্ত ও বেআইনি দাবি থেকে বিরত থাকতে হবে এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থকে অবশ্যই মেনে নিতে হবে।’ (সূত্র: আলজাজিরা)

FJ
আরও পড়ুন