লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে গত কয়েক দিনে অন্তত ১৭ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৯ এপ্রিল) লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, ত্রিপোলি থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত জুওয়ারা উপকূল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১৭ জনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যিনি বাংলাদেশের নাগরিক। তার মরদেহটি ত্রিপোলিতে বসবাসরত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকিদের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ ধর্মীয় ও আইনি প্রক্রিয়া মেনে দাফন করা হয়েছে। অন্য দুই জনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সংস্থাটি তাদের ফেসবুক পেজে উদ্ধারকাজের কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা মরদেহগুলো ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

লিবিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় নৌকাডুবি অথবা দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে খাদ্য ও পানির সংকটে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া অবৈধ অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছানোর প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ উন্নত জীবনের আশায় দালালের খপ্পরে পড়ে এই বিপজ্জনক পথ বেছে নেন। প্রতিবছরই এই রুটে প্রাণ হারান অসংখ্য মানুষ।

FJ
আরও পড়ুন