ইউক্রেনীয় সেনাকে ১৫ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

কুর্স্ক অঞ্চলে অনুপ্রবেশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ইউক্রেনীয় সেনাসদস্যকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। 

রোববার (১৯ এপ্রিল) রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইউক্রেনভিত্তিক সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

রাশিয়ার দ্বিতীয় পশ্চিম জেলা সামরিক আদালতের প্রেস সার্ভিস জানায়, ইউক্রেনের ২২তম স্বতন্ত্র যান্ত্রিক ব্রিগেডের সদস্য ৪৬ বছর বয়সী আন্দ্রি হ্রিনচিশিনকে তার সাজার প্রথম পাঁচ বছর কারাগারে এবং বাকি সময় উচ্চ-নিরাপত্তার সংশোধনাগারে কাটাতে হবে।

রুশ তদন্তকারীরা হ্রিনচিশিনের বিরুদ্ধে একটি দলের অংশ হিসেবে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার অভিযোগ এনেছে। তাদের দাবি, তিনি ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি একটি একে-৭৪ রাইফেল ও গ্রেনেড নিয়ে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে প্রবেশ করেন। তদন্তে আরও বলা হয়েছে, সুজা জেলার গুয়েভো গ্রামে ‘সশস্ত্র অবরোধ’ এবং ‘অবৈধ দখল’ -এর ঘটনায় তিনি অংশ নিয়েছিলেন। ২০২৫ সালের ৯ এপ্রিল যুদ্ধ চলাকালে তাকে আটক করে রুশ বাহিনী

এই মামলাটি ২০২৪ সালের আগস্টে কুর্স্ক ওব্লাস্টে ইউক্রেনের সীমান্ত-পার অভিযানের সময় ধরা পড়া ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের লক্ষ্য করে চালানো বৃহত্তর বিচার প্রক্রিয়ার একটি অংশ। পূর্ব ইউক্রেন থেকে রুশ সেনাদের অন্য দিকে সরিয়ে দেয়ার প্রচেষ্টায় ইউক্রেনীয় বাহিনী প্রাথমিকভাবে রাশিয়ার ভূখণ্ডে ১,৩০০ বর্গ কিলোমিটার (প্রায় ৫০০ মাইল) পর্যন্ত অগ্রসর হয়েছিল।

পরে রাশিয়া প্রায় ১২০০০ উত্তর কোরিয়ার সেনার সহায়তায় একটি পাল্টা আক্রমণ শুরু করে এবং অবশেষে ইউক্রেনীয় বাহিনীকে এলাকাটি থেকে সরিয়ে দেয়। তবে এ দাবিগুলো যাচাই করতে পারেনি ইউক্রেনের সংবাদমাধ্যমটি।

সূএ: কিয়েভ ইন্ডিপেনডেন্ট।

NB/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত