মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য ঐতিহাসিক আলোচনার মঞ্চ প্রস্তুত করছে পাকিস্তান। এই উচ্চপর্যায়ের বৈঠককে কেন্দ্র করে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এখন সাজ সাজ রব। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো শহরকে কার্যত লকডাউনের আওতায় আনা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের একাধিক বিশালাকৃতির ‘সি–১৭ গ্লোবমাস্টার’ কার্গো বিমান ইসলামাবাদে অবতরণ করেছে। এসব বিমানে করে আলোচনার জন্য প্রয়োজনীয় উন্নত প্রযুক্তি, সাঁজোয়া যান এবং বিশেষ নিরাপত্তা দল পাকিস্তানে পৌঁছেছে। আরও বেশ কিছু মার্কিন বিমান আসার পথে রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে রেড জোনসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সাধারণ মানুষের চলাচল সীমিত করে সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
এই আলোচনা সফল করতে পাকিস্তান দীর্ঘ দিন ধরে পর্দার আড়াল থেকে মধ্যস্থতা চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান সম্প্রতি তিন দিনের ঝটিকা সফরে তেহরান গিয়েছিলেন। মূলত ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনাই ছিল তাঁর এই সফরের মূল লক্ষ্য।
এত প্রস্তুতির মধ্যেও একটি বড় প্রশ্ন রয়ে গেছে ইরান কি এই আলোচনায় অংশ নেবে? তেহরান এখন পর্যন্ত তাদের অবস্থান স্পষ্ট করেনি। সাম্প্রতিক দিনগুলোতে ওয়াশিংটন ও তেহরানের পাল্টাপাল্টি কঠোর বক্তব্য এবং যুদ্ধের ময়দানে উত্তেজনার ফলে এই সম্ভাব্য আলোচনার ওপর অনিশ্চয়তার ছায়া দীর্ঘ হচ্ছে।
সূত্র: আল–জাজিরা।
১৯ বছরের কুর্দি নারী যোদ্ধা গজল মোলানের করুণ মৃত্যু