জনগণের ঐক্যই শত্রুদের সব হিসাব ভেস্তে দিয়েছে: মোজতবা খামেনি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

ইরানি জনগণের ইস্পাতকঠিন ঐক্য শত্রুপক্ষের ওপর বড় ধরনের আঘাত হেনেছে এবং তাদের অবস্থানকে দুর্বল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি বলেন, দেশবাসীর এই অভূতপূর্ব সংহতির ফলে ইসলামি প্রজাতন্ত্রকে দুর্বল করার অপচেষ্টাকারীদের সব রাজনৈতিক হিসাব-নিকাশ ভেস্তে গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন।

মোজতবা খামেনি তার বার্তায় উল্লেখ করেন, ইরানিদের মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা শত্রুপক্ষের ভেতরে বড় ধরণের ফাটল ধরিয়ে দিয়েছে। তিনি এই জাতীয় ঐক্যকে একটি ‘ঐশ্বরিক অনুগ্রহ’ হিসেবে অভিহিত করেন। খামেনি বলেন, ‘এই ঐশ্বরিক অনুগ্রহের জন্য আমাদের বাস্তব পদক্ষেপের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই জাতীয় ঐক্য আরও দৃঢ় হবে এবং শত্রুরা আরও বেশি বিপর্যস্ত হয়ে পড়বে।’

শত্রুপক্ষের ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ এবং প্রোপাগান্ডার বিষয়ে দেশবাসীকে সতর্ক করে সর্বোচ্চ নেতা বলেন, ‘শত্রুর গণমাধ্যমগুলো সুপরিকল্পিতভাবে মানুষের চিন্তা ও মানসিকতাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। তাদের মূল লক্ষ্য হলো আমাদের জাতীয় ঐক্য ও অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করা। আমাদের সামান্য অবহেলা যেন তাদের এই কু-উদ্দেশ্য সফল হতে না দেয়।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সর্বোচ্চ নেতার এই বার্তাটি এমন এক সময়ে এল যখন ইরান নজিরবিহীন নিষেধাজ্ঞার মুখোমুখি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্রদের বহুমুখী আগ্রাসন, সামরিক হুমকি এবং অপপ্রচারের বিরুদ্ধে ইরান যখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে, তখন এই ঐক্যই তেহরানের প্রধান হাতিয়ার হিসেবে কাজ করছে।

সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোজতবা খামেনির এই বক্তব্য দেশবাসীর মনোবল চাঙা করার পাশাপাশি পশ্চিমাদের প্রতি একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি। সূত্র: তাসনিম নিউজ।

FJ
আরও পড়ুন