পাকিস্তান ছাড়ার মাত্র দুই দিনের মাথায় আবারও ইসলামাবাদ সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ওমান সফর শেষ করে আজ রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে তিনি পাকিস্তানে পৌঁছাতে পারেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ ও আল-জাজিরা। এই সফরের পরই তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
গত শুক্রবার রাতে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে এসেছিলেন আরাঘচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে শনিবার তিনি ওমান চলে যান। ওমানে অবস্থানকালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার একটি সম্ভাবনা তৈরি হলেও কোনো 'ব্রেকথ্রু' বা চূড়ান্ত সমাধান আসেনি। মূলত মার্কিনিদের দাবিদাওয়াক ইরানিরা 'মাত্রাতিরিক্ত' এবং ইরানিদের শর্তকে যুক্তরাষ্ট্র 'অগ্রহণযোগ্য' বলে মনে করায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।
সূত্রমতে, গত শুক্রবার আরাঘচির সঙ্গে আসা প্রতিনিধি দলের সদস্যরা এরই মধ্যে ইরানে ফিরে গিয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে পরামর্শ করেছেন। আজ আরাঘচি ইসলামাবাদে পৌঁছানোর পর ওই প্রতিনিধি দলটি আবারও তার সঙ্গে যোগ দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা আপাতত নেই, তবুও পাকিস্তান দুই দেশের মধ্যে মধ্যস্থতার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সূত্র: মেহের নিউজ, আলজাজিরা
জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার কমানোর আহ্বান পেজেশকিয়ানের