ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের ক্ষত কাটিয়ে উঠতে শুরু করেছে তেহরান। ইরানের হাউজিং ফাউন্ডেশন জানিয়েছে, দেশজুড়ে বিদেশি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া প্রায় ৩৭,০০০ ঘরবাড়ি এবং বাণিজ্যিক ভবন ইতিমধ্যে মেরামত করা হয়েছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজের বরাতে সোমবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে সরকারি পর্যায় থেকে মেরামতের কাজ চললেও ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র অত্যন্ত ভয়াবহ। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানের বিভিন্ন আবাসিক এলাকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনা হয় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, নয়তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানায়, এই যুদ্ধ কেবল মানুষের মাথা গোঁজার ঠাঁই কেড়ে নেয়নি, বরং দেশটির স্বাস্থ্য অবকাঠামোকে পঙ্গু করে দিয়েছে। তাদের তথ্যমতে, ৩৩৯টি চিকিৎসা কেন্দ্র সরাসরি হামলার শিকার হয়েছে। এই তালিকায় বড় হাসপাতাল থেকে শুরু করে ওষুধের দোকান (ফার্মাসি), ল্যাবরেটরি, ছোট স্বাস্থ্য ক্লিনিক এবং জরুরি সেবাকেন্দ্রও রয়েছে।
মানবিক সংস্থাগুলো বলছে, বিপুল সংখ্যক আবাসন ও চিকিৎসাকেন্দ্র ধ্বংস হওয়ায় সাধারণ নাগরিকরা চরম সংকটে পড়েছেন। হাউজিং ফাউন্ডেশনের মাধ্যমে ৩৭ হাজার ভবন সংস্কার করা সম্ভব হলেও, বাকি প্রায় ৯০ হাজার স্থাপনা পুনর্নির্মাণ করা দেশটির জন্য এখন বড় চ্যালেঞ্জ। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত আশ্রয়ের আওতায় আনতে কাজ করছে দেশটির প্রশাসন। সূত্র: আলজাজিরা
জার্মানিতে টমাহক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে না যুক্তরাষ্ট্র