হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ ও নাবিকের সংখ্যা

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:১৫ পিএম

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে এক ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এই জলপথে প্রায় ২ হাজার বিভিন্ন ধরনের বাণিজ্যিক জাহাজ অবরুদ্ধ হয়ে পড়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিশেষায়িত সংস্থা (আইএমও) এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

আইএমও-এর তথ্যমতে, অবরুদ্ধ এসব জাহাজে বর্তমানে ২০ হাজারেরও বেশি নাবিক ও ক্রু আটকা পড়ে আছেন। দীর্ঘ সময় আটকে থাকায় জাহাজগুলোতে খাবার, জ্বালানি এবং সুপেয় পানির মজুত আশঙ্কাজনক হারে কমে আসছে। আটকা পড়া জাহাজগুলোর মধ্যে রয়েছে জ্বালানি তেল ও গ্যাসবাহী বিশাল ট্যাংকার, বাল্ক ক্যারিয়ার, বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ এবং পর্যটকবাহী ক্রুজ লাইনার।

সংস্থাটি আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। গত দুই মাসে আটকা পড়া জাহাজগুলোর ওপর অন্তত ১৯টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ১০ জন নাবিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও আটজন।

আইএমও সতর্ক করে দিয়ে বলেছে, সংঘাতপূর্ণ এই এলাকায় আটকা পড়া সাধারণ নাবিক ও ক্রুরা পরিস্থিতির শিকার হচ্ছেন। দ্রুত নিরাপদ করিডোর তৈরি করে তাদের সরিয়ে নেওয়া না হলে এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। বর্তমানে এই জলপথ দিয়ে বিশ্ববাণিজ্যের একটি বড় অংশ স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন