হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৬:০৪ পিএম

ভঙ্গুর যুদ্ধবিরতি আর কূটনৈতিক আলোচনার ব্যর্থতার পর এবার মার্কিন কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’তে প্রবেশের চেষ্টা করায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে মিসাইল ছুড়েছে ইরান। সোমবার (৪ মে) জাস্ক দ্বীপের কাছে এই ঘটনা ঘটে।

ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের জাস্ক দ্বীপ সংলগ্ন জলসীমা দিয়ে হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল। ইরান আগে থেকেই এই পথে বিদেশি যুদ্ধজাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করায় জাহাজটি লক্ষ্য করে মিসাইল ছোঁড়া হয়। ইরানিদের দাবি, হামলার মুখে পড়ার পর মার্কিন রণতরীটি দ্রুত তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়।

এদিকে যুদ্ধজাহাজে হামলার এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘এক্সিওস’কে (Axios) বলেছেন, তাদের কোনো যুদ্ধজাহাজে হামলার ঘটনা ঘটেনি এবং এ ধরণের খবর ভিত্তিহীন।

এই হামলার ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, হরমুজ প্রণালিতে যেসব আন্তর্জাতিক জাহাজ আটকে আছে, মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা দিয়ে নিরাপদ স্থানে নিয়ে আসবে। এর জবাবে তেহরান কড়া হুঁশিয়ারি দিয়েছিল যে- অনুমতি ছাড়া হরমুজে কোনো জাহাজ প্রবেশ করলেই সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।

উল্লেখ্য, টানা ৪০ দিন রক্তক্ষয়ী যুদ্ধের পর গত ৮ এপ্রিল দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। কিন্তু শুরু থেকেই এটি অকার্যকর প্রমাণিত হয়েছে। চুক্তি স্বাক্ষরের পরদিনই যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে এবং আরব সাগর থেকে ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকার জব্দ করে। এর সমাধানের লক্ষ্যে গত ১২ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসলেও সেখান থেকে কোনো কার্যকর সমাধান আসেনি। সূত্র: ফার্স নিউজ

FJ
আরও পড়ুন