ইসরায়েলের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আপডেট : ২৪ মে ২০২৬, ০৮:২৮ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এবার ইসরায়েলের একটি উন্নত গোয়েন্দা বা নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের হরমুজগান প্রদেশে ইসরায়েলি ওই ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহর নিউজ’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি নৌবাহিনীর বিশেষ অভিযানে ‘অরবিটার’ (Orbiter) মডেলের ওই ইসরায়েলি ড্রোনের ধ্বংসাবশেষও উদ্ধার করা হয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী হরমুজগান প্রদেশে এই ড্রোনটি নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ তেহরানের।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান লড়াইয়ে নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি। তিনি এই প্রতিরোধ যুদ্ধকে একটি ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে অভিহিত করেছেন এবং একে ইরানের জাতীয় শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছেন।

জেনারেল আলিয়াবাদি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চল এবং বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে ইরান সর্বদা প্রস্তুত। আমাদের সামরিক প্রস্তুতি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। ভবিষ্যতে যদি কোনো দেশ ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হানে বা আগ্রাসন চালায়, তবে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি আরও স্পষ্ট করে বলেন যে, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা ইরানের অন্যতম লক্ষ্য এবং এ অঞ্চলে বিদেশি শক্তির যেকোনো ধরনের হস্তক্ষেপের কঠোর বিরোধিতা করবে তেহরান।

FJ
আরও পড়ুন