লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘনবসতিপূর্ণ দাহিয়ে এলাকায় চালানো এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সামরিক সূত্রের বরাতে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালিত হয়। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে নিরাপত্তা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেন।
দক্ষিণ বৈরুতের দাহিয়ে এলাকা দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ–এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। হামলার পর ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি।
এদিকে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, বর্তমান সময়ে বৈরুত লক্ষ্য করে বড় ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। তিনি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের আহ্বান জানান।
এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল ও লেবানন সীমান্ত পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সূত্র: আলজাজিরা
ইসরায়েলে গুলিবর্ষণকারীদের ফাঁসি চান বেন-গাভির