হরমুজে ‘অনুমোদনহীন’ জাহাজ চলাচলে কঠোর হুঁশিয়ারি ইরানের

আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:৫৬ পিএম

হরমুজ প্রণালি দিয়ে ইরানের অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিবৃতিতে বাহিনীটি জানায়, হরমুজ প্রণালি অতিক্রমের জন্য কেবল ইরান ঘোষিত পথই বৈধ ও অনুমোদিত। এর বাইরে নতুন কোনো রুট ব্যবহার বা অনুমতি ছাড়া চলাচল গ্রহণযোগ্য হবে না।

ইরানের এই অবস্থান এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের সময় কার্যত অচল হয়ে পড়েছিল এবং এখনো তা দুই পক্ষের আলোচনার অন্যতম স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে।

তেহরান ইতোমধ্যে জানিয়েছে, ভবিষ্যতে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজের কাছ থেকে তারা ‘সামুদ্রিক সেবা ফি’ আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্রের দাবি, এটি একটি আন্তর্জাতিক নৌপথ হওয়ায় এখানে চলাচলের জন্য কোনো ধরনের ফি বা চার্জ আরোপ করা উচিত নয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী তাদের বিবৃতিতে বলেছে, হরমুজ প্রণালিতে যাতায়াতের একমাত্র অনুমোদিত রুট হলো ইসলামী প্রজাতন্ত্র ইরান ঘোষিত রুট। কোনো জাহাজ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে চলাচল নিয়ন্ত্রণের প্রশ্নটি এখন ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অন্যতম বড় অচলাবস্থার কারণ হয়ে উঠেছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস পরিবহন এই নৌপথের ওপর নির্ভরশীল, ফলে এখানকার যেকোনো উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন