বাবার জানাজায় থাকছেন না মোজতবা খামেনি

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:২৫ পিএম

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন না তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই তিনি বাবার রাষ্ট্রীয় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা থেকে দূরে থাকবেন বলে জানিয়েছেন ভারতের মোজতবা খামেনির প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে আয়াতুল্লাহ হাকিম এলাহি বলেন, ইরানের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হুমকির কারণেই মোজতবা খামেনির শেষকৃত্যে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ কারণে বহুদিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে তিনি সরাসরি অংশ নেবেন না।

সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ প্রকাশ্যে দাবি করেছিলেন, মোজতবা খামেনি ‘মৃত্যুর লক্ষ্যবস্তুতে’ রয়েছেন। এ বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেন, দেশটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো হুমকির শক্তিশালী জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধের প্রথম দিন তেহরানে নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি। তার রাষ্ট্রীয় শেষকৃত্য আগামী কয়েক দিন ধরে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন