খামেনির রক্ত বৃথা যাবে না, শোকাহতদের শপথ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১১:২৫ পিএম

ইরানে শোকের আবহ এখনো অব্যাহত রয়েছে। দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষ তার জানাজা ও শেষকৃত্যের শোভাযাত্রায় অংশ নিয়েছেন। ইরানি কর্তৃপক্ষ এই শোকানুষ্ঠানকে শুধু ধর্মীয় বিদায় নয়, বরং জাতীয় ঐক্য, সংহতি এবং দৃঢ় অবস্থানের প্রতীক হিসেবেও তুলে ধরার চেষ্টা করছে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত শেষকৃত্যের শোভাযাত্রায় সাধারণ মানুষের ঢল নামে। নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার স্মৃতির প্রতি সম্মান জানান।

শোভাযাত্রায় অংশ নেওয়া হামিদ নামের এক ব্যক্তি আল জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্দেশ্য ছিল ইরানকে বিভক্ত করা। তাদের পরিকল্পনা ছিল দেশের নেতা, সামরিক কমান্ডার এবং সাধারণ মানুষকে হত্যা করে সেই বিভাজন সৃষ্টি করা। 

কিন্তু তাদের দাবি, খামেনি সেই বিভক্তি ঠেকিয়ে জাতীয় ঐক্য অটুট রেখেছিলেন। তাই ইরানের জন্য তার অবদানের প্রতি কৃতজ্ঞতা জানাতেই তারা আজ সেখানে উপস্থিত হয়েছেন।

আরেক অংশগ্রহণকারী মারজিয়েহ বলেন, প্রায় চার দশক ধরে ইরানের নেতৃত্ব দেওয়া খামেনির প্রতি সম্মান জানাতেই তিনি শোভাযাত্রায় যোগ দিয়েছেন। তার ভাষায়, তারা সেখানে এসেছেন শহীদ নেতাকে জানিয়ে দিতে যে তার রক্ত বৃথা যাবে না। একই সঙ্গে তার প্রতি নিজেদের আনুগত্য ও অঙ্গীকার আবারও নবায়ন করতেই তারা এই শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। সূত্র: আলজাজিরা 

AS
আরও পড়ুন