একপাক্ষিক চুক্তির দিন শেষ: গালিবাফ

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

‘একপাক্ষিক চুক্তির দিন শেষ’, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ। পাল্টাপাল্টি হামলা, নতুন নিষেধাজ্ঞা এবং যুদ্ধবিরতি ভেঙে পড়ার প্রেক্ষাপটে তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

গালিবাফ বলেন, ‘একমুখী সমঝোতার যুগ শেষ।’ যদিও তিনি সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক (এমওইউ) বাতিল হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ‘শেষ’।

এদিকে দুই দেশের সামরিক সংঘাতও ক্রমেই বিস্তৃত হচ্ছে। সর্বশেষ দফায় যুক্তরাষ্ট্র ইরানের পাঁচটি প্রদেশের অন্তত নয়টি শহরে হামলা চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, এসব অভিযানে অন্তত ১৪০টি স্থাপনায় আঘাত হানা হয়েছে। পর্যবেক্ষকদের মতে, প্রতিটি পাল্টাপাল্টি হামলার পর সংঘাতের পরিধি আগের চেয়ে আরও বড় হচ্ছে।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একই সঙ্গে তেহরান ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে শুধু সামরিক উত্তেজনাই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সমঝোতা স্মারকের প্রথম ধারায় সব ধরনের শত্রুতা বন্ধ এবং সব ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। কিন্তু এরপরও দুই পক্ষের মধ্যে অন্তত পাঁচ দফা হামলা-পাল্টা হামলা হয়েছে, যা ওই সমঝোতার ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

অন্যদিকে সমঝোতার ১০ নম্বর ধারায় আলোচনা চলাকালে ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার কথা থাকলেও, মাত্র দুই দিন আগে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে। ফলে সমঝোতা স্মারকের একাধিক গুরুত্বপূর্ণ ধারা ইতোমধ্যেই কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে বিশ্লেষকদের অভিমত। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত