ইরানপন্থী ইরাকি সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের হুথিদের সমন্বিত হামলার আশঙ্কা করছে সৌদি আরব। রয়টার্সের প্রতিবেদনে এক জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও অন্যান্য আঞ্চলিক দেশের গোয়েন্দা তথ্য অনুযায়ী, উত্তর ও দক্ষিণ, দুই দিক থেকে হামলা হতে পারে। এসব হামলার লক্ষ্য হতে পারে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনা, বিশেষ করে জ্বালানি অবকাঠামো, বন্দর ও বিমানবন্দর।
ওই কর্মকর্তা আরও জানান, সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়ার কিছু তৎপরতা লক্ষ্য করেছে। এতে দুই দিক থেকে সমন্বিত সামরিক অভিযান চালানোর প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছে রিয়াদ।
সৌদি কর্মকর্তার ভাষ্য, কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার এমন সময়ে সম্ভাব্য হামলার হুমকি বিশেষভাবে উদ্বেগজনক। রিয়াদ বর্তমানে উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছে। ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ এবং মধ্যস্থতার প্রচেষ্টা সঠিক দিকেই এগোচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
তার ধারণা, সম্ভাব্য এসব হামলার অন্যতম উদ্দেশ্য হতে পারে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করা।
এদিকে সৌদি-যুক্তরাষ্ট্র সহযোগিতা এখনো অত্যন্ত শক্তিশালী রয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাঁর মতে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা উচ্চ পর্যায়ে রয়েছে। সূত্র: আলজাজিরা
'সৌদি বাহিনী, ভাড়াটে যোদ্ধা, সামরিক ঘাঁটির নিরাপত্তা নেই'
সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
নাগরিকদের রক্ষায় প্রয়োজনে সব করবে ইসরায়েল: গিডিওন সার