হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো খুব কাছাকাছি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে পাকিস্তানে আগে সম্পাদিত একটি সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করেছেন তিনি।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, পাকিস্তানে সম্পাদিত ওই সমঝোতা স্মারকের পঞ্চম ধারা ইরান বাস্তবায়ন করে আসছিল। এর আওতায় এক মাসের মধ্যে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল।
আরাঘচির দাবি, দুই সপ্তাহের মধ্যেই প্রণালিতে স্বাভাবিক পরিস্থিতির প্রায় ৬০ শতাংশে ফিরে যাওয়া সম্ভব হয়েছিল। তবে তিনি অভিযোগ করেন, তেহরানের সতর্কবার্তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির মধ্য দিয়ে নতুন নৌপথ তৈরির চেষ্টা করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ নিয়ে ওমানের সঙ্গে আলোচনার মূল বিষয় হচ্ছে একটি অস্থায়ী নৌপথ প্রতিষ্ঠা করা। পরবর্তীতে সেটিকে ভিত্তি করে একটি স্থায়ী নৌপথ নির্ধারণ করা হবে।
তিনি বলেন, নতুন স্থায়ী নৌপথে পৌঁছানোর আগে অস্থায়ী একটি নৌপথকে মূল নৌপথের ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। এ বিষয়ে ইরান ও ওমানের সামরিক ও নৌবাহিনীর সদস্যদের মধ্যেও আলোচনা হয়েছে বলে জানান আরাঘচি। সূত্র: আলজাজিরা
হরমুজ খুলবে যুক্তরাষ্ট্র শর্ত মানলেই: আইআরজিসি
সাংবাদিকরা জাতীয় পরিচয় রক্ষার যোদ্ধা: গালিবাফ
মধ্যপ্রাচ্য থেকে বিদেশি শক্তিকে চলে যেতে হবে: ভেলায়াতি