প্রতিরোধেই অটল থাকবে ইরান: আরাঘচি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চাপের মুখেও প্রতিরোধের নীতি থেকে ইরান সরে যাবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, নিপীড়ন ও জবরদস্তির কাছে আত্মসমর্পণের পরিবর্তে স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় দৃঢ় থাকার পথ বেছে নিয়েছে তেহরান।

রোববার (৯ আগস্ট) তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক অধ্যয়ন ইনস্টিটিউটে আয়োজিত ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে মহররম ও আশুরা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন আরাঘচি।

তিনি বলেন, নিপীড়ন, বিচ্যুতি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মানবিক মর্যাদা রক্ষার একটি স্থায়ী দৃষ্টান্ত হলো আশুরার আন্দোলন। ইরানে এ বছরের মহররম ও আশুরার আয়োজন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ভিন্ন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, ওই হামলায় সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ বহু ইরানি নিহত হয়েছেন। তবে এত প্রাণহানির পরও ইরানের জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে নিজেদের মর্যাদা ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছে। তার ভাষ্য, এর মধ্য দিয়ে তারা আশুরার বার্তাকেই ধারণ করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে প্রতিটি জাতিকেই নিপীড়নের কাছে আত্মসমর্পণ কিংবা নিজেদের মূল্যবোধ ও আদর্শ রক্ষায় প্রতিরোধ, এই দুই পথের একটিকে বেছে নিতে হয়। প্রয়োজনে সেই মূল্যবোধ রক্ষায় আত্মত্যাগের জন্যও প্রস্তুত থাকতে হয়।

ইমাম হোসাইনের উত্তরাধিকার তুলে ধরে আরাঘচি বলেন, বিজয়ের মধ্য দিয়ে সাহসের প্রকৃত মূল্য নির্ধারিত হয় না; বরং নিজের নীতি ও আদর্শ রক্ষায় আত্মত্যাগের প্রস্তুতিই সাহসের প্রকৃত মাপকাঠি।

তিনি বলেন, এই আদর্শিক ও কৌশলগত উপলব্ধি থেকেই সব ধরনের চাপের মধ্যেও ইরান প্রতিরোধের নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও এই অবস্থান ধরে রাখবে।

আরাঘচির ভাষ্য, ইরান বর্তমানে ‘অন্যায় ও নিপীড়নের ঝড়ের’ বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। স্বাধীনতা ও জাতীয় মর্যাদা রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের ত্যাগের প্রতি দেশটি অঙ্গীকারবদ্ধ থাকবে বলেও জানান তিনি। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

AS
আরও পড়ুন