হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারাবাহিক হুমকির জবাবে তাকে নিজের নিরাপত্তা নিয়ে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন নিরাপদ থাকতে ট্রাম্পকেই আবার খাবার পরিবহনকারী ট্রাকে আশ্রয় নিতে হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ‘অন্তহীন হুমকি’ দেওয়ার বদলে মার্কিন প্রেসিডেন্টের নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে নিরাপদ থাকার জন্য ট্রাম্প নিজেকেই একটি খাবার পরিবহনকারী ট্রাকের ভেতরে আশ্রয় নিতে হবে।
আজিজির এই মন্তব্যের ‘খাবার পরিবহনকারী ট্রাক’ প্রসঙ্গটি গত মাসে তুরস্কে ট্রাম্পের গোপনে বিমান বদলের খবরের প্রতি ইঙ্গিত। প্রতিবেদনে বলা হয়েছিল, আঙ্কারায় ন্যাটো সম্মেলন শেষে প্রকাশ্যে প্রেসিডেন্টের বিমানে ওঠার পর ট্রাম্পকে গোপনে একটি ছোট সামরিক বিমানে সরিয়ে নেওয়া হয়। বিমানবন্দরের ভেতর তাকে একটি ক্যাটারিং ট্রাকের মাধ্যমে নেওয়ার কথা উঠে আসে। ট্রাম্প পরে বিমান বদলের বিষয়টি স্বীকার করলেও কথিত ইরানি হত্যাচেষ্টার হুমকির বিস্তারিত প্রকাশ্যে নিশ্চিত হয়নি।
হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনাও নতুন করে বেড়েছে। ট্রাম্প সম্প্রতি প্রণালিটির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং একে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ ঘোষণার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরান বলেছে, সামরিক শক্তি বা কোনো ঘোষণার মাধ্যমে হরমুজের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব নয়।
তেহরানের অবস্থান হলো, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ দিয়ে স্বাভাবিক নৌ চলাচল ফিরবে না। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে প্রণালিতে জাহাজ চলাচল যুদ্ধপূর্ব সময়ের তুলনায় ব্যাপকভাবে কমে গেছে।
ফলে আজিজির মন্তব্য শুধু ব্যক্তিগত কটাক্ষ নয়, হরমুজকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকির মধ্যেই এসেছে। ইরান যেখানে প্রণালির ওপর নিজেদের প্রভাব বজায় রাখার কথা বলছে, সেখানে যুক্তরাষ্ট্র সেটি খুলে দেওয়ার সক্ষমতার দাবি করছে। এই দ্বন্দ্ব অব্যাহত থাকায় গুরুত্বপূর্ণ এই জ্বালানি নৌপথ ঘিরে সামরিক ও অর্থনৈতিক অনিশ্চয়তাও বাড়ছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি
কাতারে আটক তিন পাইলটের ভাগ্য জানতে রেডক্রসকে ইরানের আহ্বান
ইরানের জনগণের সমর্থনের প্রশংসা করলেন আইআরজিসি প্রধান
বিশ্বসেরা সামরিক বাহিনীকে নতজানু করেছে ইরান: ভাহিদি