ইরানের সামনে যুক্তরাষ্ট্রের দুর্বলতা পরিষ্কার: আরাঘচি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৭:২১ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে আবারও সামরিক হুমকি ও হামলার কথা বলায় যুক্তরাষ্ট্রের দুর্বলতা ও হতাশাই প্রকাশ পেয়েছে। তার দাবি, ইরানের জনগণের মোকাবিলায় নতুন কোনো কৌশল না থাকায় ওয়াশিংটন পুরোনো চাপের পথেই ফিরে গেছে।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএর বরাতে ডন জানিয়েছে, আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হুমকি দেওয়ার অর্থ হলো দেশটি ইরানের সামনে মরিয়া হয়ে পড়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক চাপের সমালোচনা করে তিনি বলেন, এটিও যুক্তরাষ্ট্রের পুরোনো দাদাগিরিরই আরেকটি রূপ। ইরানের ওপর অর্থনৈতিক যুদ্ধ চালানোর কৌশল নতুন কিছু নয়; বহু বছর ধরেই ওয়াশিংটনের নীতিতে একই ধরনের চাপ প্রয়োগ দেখা যাচ্ছে।

আরাঘচির ভাষ্য, যুক্তরাষ্ট্রের এই নীতির চিত্র ইরান বহুবার দেখেছে এবং কীভাবে তা মোকাবিলা করতে হয়, তেহরানও জানে।

তিনি বলেন, একই ঘটনার পুনরাবৃত্তি করে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো প্রভাব তৈরি করতে পারবে না। বরং ব্যর্থ নীতির ওপর আরও জোর দিলে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে।

আরাঘচির এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটনের নতুন পদক্ষেপকে তেহরান ইতোমধ্যে পুরোনো ব্যর্থ নীতির পুনরাবৃত্তি হিসেবে প্রত্যাখ্যান করেছে। সূত্র: ডন

AS
আরও পড়ুন