ইরানের কাছে কোনভাবেই পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৮:৪৩ এএম

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে আবারও কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হবে না—এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আপনি তাদের পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারেন না, এবং তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না।’

সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের নেতাদের ‘অত্যন্ত সহিংস ও দুষ্ট মানুষ’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হলে সেটি ব্যবহারের সম্ভাবনা ছিল।

ট্রাম্প বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে গেলে এর পরিণতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকত না। তার মতে, পারমাণবিক অস্ত্র অর্জনের পর তেহরান তা ব্যবহার করলে মধ্যপ্রাচ্য কার্যত ধ্বংস হয়ে যেতে পারত। একই সঙ্গে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে পড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপও পরবর্তী লক্ষ্য হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের আশঙ্কা, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের দিকে এগোতে পারে।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান আবারও স্পষ্ট হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও কঠোর পদক্ষেপ নেওয়ার অবস্থানে রয়েছে।

সূত্র: আল জাজিরা

 
 
এমএজেড
আরও পড়ুন