জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীকে আরাঘচির কড়া জবাব

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেওয়ার ক্ষেত্রে ইরানের অবস্থান নিয়ে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে ইরান ও আরব দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাফাদির উদ্দেশে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন আরাঘচি। তিনি জানতে চান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের চালানো বা পরিচালিত হামলার জবাব দিতে ইরানকে ঠিক কতক্ষণ অপেক্ষা করতে হবে।

আরাঘচির এই মন্তব্য সাফাদির সাম্প্রতিক বক্তব্যের জবাবে আসে। সাফাদি বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার পর আরব দেশগুলোতে ইরানের দ্রুত পাল্টা হামলাকে প্রকৃত প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। বরং এগুলো আগে থেকেই পরিকল্পিত নীতির অংশ ছিল বলে মন্তব্য করেন তিনি।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় আরাঘচি ইঙ্গিত দেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশ থেকে পরিচালিত বা সহযোগিতাপ্রাপ্ত হলে সেই দেশগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

আরাঘচি আরও অভিযোগ করেন, ইরানের বেসামরিক নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী যুক্তরাষ্ট্রের হামলাগুলো আরব দেশগুলোর ভূখণ্ড থেকে চালানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন করে তীব্র হওয়ার মধ্যে জর্ডানসহ কয়েকটি আরব দেশ ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে এসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি নিয়েও তেহরান ও সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন