হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন নৌযান ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা। তাদের দাবি, নৌযানটি কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে ‘আগ্রাসী মিশনে’ পাঠানো হয়েছিল।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেওয়া ১৬ নম্বর বিবৃতিতে আইআরজিসির নৌ শাখা জানায়, সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালির দিকে একাধিক চালকবিহীন নৌযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর আশঙ্কা থেকেই এসব নৌযান পাঠানো হয়েছে বলে দাবি তাদের।
বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির প্রবেশমুখে মার্কিন একটি চালকবিহীন নৌযান শনাক্ত করা হয়। নৌযানটির গায়ে ৫৮৩৮ নম্বর ছিল। পরে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হলে নৌযানটি ধ্বংস হয় এবং এর ‘আগ্রাসী মিশন’ ব্যর্থ করে দেওয়া হয় বলে দাবি করেছে ইরানি বাহিনী।
আইআরজিসির নৌ শাখা আরও বলেছে, হরমুজ প্রণালি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। গোয়েন্দা তৎপরতা ও নজরদারির মাধ্যমে কৌশলগত এই জলপথের ওপর ‘বুদ্ধিমান নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও দাবি করা হয়।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে যেকোনো ‘শত্রুতাপূর্ণ উপস্থিতি’ শনাক্ত হলে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যেই এই দাবি করল আইআরজিসি। তবে মার্কিন পক্ষ থেকে ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান
ইরানবিরোধী প্রস্তাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ স্পষ্ট: রেজাই
পূর্ণ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চলবে: নিকজাদ