হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য নিরাপদ পথ তৈরির বিষয়ে আলোচনা করতে পারস্য উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আঞ্চলিক বৈঠক আয়োজনের পরিকল্পনা করেছে ইরান। আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে অনুষ্ঠেয় বৈঠকে ইরান, ইরাকসহ উপসাগরের উপকূলীয় দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত আঞ্চলিক শক্তিগুলোর ধ্বংসাত্মক ও বিভাজনমূলক হস্তক্ষেপ এড়িয়ে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করাই এর লক্ষ্য।
বাঘাই আশা প্রকাশ করেন, বৈঠকটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর পাশাপাশি অভিন্ন আঞ্চলিক নিরাপত্তা আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
বৈঠকে অন্যান্য আঞ্চলিক বিষয়ের পাশাপাশি হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য নিরাপদ সাময়িক নৌপথ তৈরিতে ইরান ও ওমানের আলোচনার ফলাফল নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।
ইরান-ওমানের মধ্যে হরমুজ প্রণালিতে অস্থায়ী নৌপথ চালুর বিষয়ে যে সমঝোতা হয়েছে, তা উল্লেখ করে বাঘাই বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ।
তবে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড ও অবৈধ হস্তক্ষেপ’ অব্যাহত থাকলে পরিস্থিতি ভিন্ন হবে বলে সতর্ক করেন তিনি। তাঁর ভাষায়, সমুদ্র অবরোধ ও অর্থনৈতিক যুদ্ধের মতো মার্কিন পদক্ষেপ চলতে থাকলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি
'সৌদি আরবের জাহাজ ছাড়া অন্য সব নৌযান নিরাপদ'
'পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য এখন ইরানের পক্ষে'
নেতানিয়াহুকে নয়, ইসরায়েলকে ভালোবাসি: হিলারি ক্লিনটন