ফারসি কবিতা-সাহিত্য দিবসে শাহরিয়ারের অবদান স্মরণ পেজেশকিয়ানের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

ফারসি কবিতা ও সাহিত্য দিবস উপলক্ষে ইরানের সমকালীন কবি শাহরিয়ারের অবদানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, শাহরিয়ার ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সমকালীন জীবনের ভাবনা ও বাস্তবতাকে যুক্ত করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফারসি কবিতা ও সাহিত্য দিবস উপলক্ষে আয়োজিত শাহরিয়ার স্মরণ সম্মেলনে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান বলেন, ফারসি ভাষা ইরানি পরিচয়ের একটি শক্তিশালী ভিত্তি হিসেবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাংস্কৃতিক ধারাবাহিকতা রক্ষা করে আসছে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ফারসি কবিতায় দেশটির মানুষের চেতনা ও জীবনবোধ প্রতিফলিত হয়েছে। মহাকাব্য ও প্রজ্ঞা থেকে শুরু করে প্রেম, আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতাও এই কবিতার বিভিন্ন ধারায় উঠে এসেছে।

শাহরিয়ারের সাহিত্যকর্মের প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, সমকালীন যুগের অন্যতম উজ্জ্বল কবি হিসেবে তিনি ধ্রুপদি ঐতিহ্যকে নিজের সময়ের মানুষের উদ্বেগ ও বাস্তবতার সঙ্গে একীভূত করেছিলেন। বিশ্বাস, ইতিহাস এবং মানুষের জীবন থেকে উপাদান নিয়ে তিনি তার সাহিত্যকে সমৃদ্ধ করেন।

প্রতি বছর ১৮ সেপ্টেম্বর ইরানে ফারসি কবিতা ও সাহিত্য দিবস পালিত হয়। সমকালীন ফারসি ভাষার অত্যন্ত সম্মানিত কবি মোহাম্মদ-হোসেইন বেহজাত তাবরিজি, যিনি শাহরিয়ার নামে পরিচিত, তার স্মরণে দিবসটি পালন করা হয়।

শাহরিয়ারের সাহিত্যকর্মে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নানা বিষয় উঠে এসেছে। এসব অন্তর্দৃষ্টির কারণে ইরানের কবিতা ও সাহিত্যের জগতে তিনি গুরুত্বপূর্ণ একটি নাম হিসেবে বিবেচিত।  সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন