ইরানকে পারমাণবিক অস্ত্রধারী দেখতে চান তেহরান কাউন্সিলের উপপ্রধান

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

ইরান প্রতিরোধ সক্ষমতা বাড়াতে পারমাণবিক অস্ত্র নির্মাণের পথে এগোলে তিনি খুশি হবেন বলে মন্তব্য করেছেন তেহরান সিটি কাউন্সিলের উপপ্রধান পারভিজ সরুরি। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে ইরানের সদস্য থাকার সুফল নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দিদবান ইরান ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে সরুরি বলেন, ইসলামী প্রজাতন্ত্র প্রতিরোধের উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়েছে, এমন খবর শুনলে তিনি খুবই খুশি হবেন। তবে অন্য দেশকে হুমকি দেওয়ার উদ্দেশ্যে নয়, প্রতিরোধ সক্ষমতা তৈরির জন্যই এমন পদক্ষেপ হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

সরুরি বলেন, ইরান ইতোমধ্যে উল্লেখযোগ্য মাত্রার প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। তবে দেশটির শত্রুরা এখনো নিজেদের পারমাণবিক সক্ষমতা ব্যবহার করে ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি প্রসঙ্গে সরুরি বলেন, এই চুক্তির সদস্যপদ থেকে ইরান কোনো সুফল পায়নি। তবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দেশটির নেতৃত্বের বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শত্রুর জন্য যে বিষয়গুলো সমস্যা তৈরি করে, সেগুলোকে আরও শক্তিশালী করে প্রতিরোধ সক্ষমতায় পরিণত করতে হবে। তার ভাষায়, শত্রুর জন্য যেকোনো সমস্যাসৃষ্টিকারী সক্ষমতাকে শক্তিশালী করে সেটিকে প্রতিরোধ ব্যবস্থায় রূপ দিতে হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন