যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন মানলে শান্তিচুক্তি এখনও সম্ভব: পেজেশকিয়ান

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চললে ওয়াশিংটনের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, ইরান এমন একটি ভারসাম্যপূর্ণ ও ন্যায্য চুক্তিতে পৌঁছাতে পুরোপুরি প্রস্তুত, যা অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে। তবে ইরানের জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারই তেহরানের লাল রেখা বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানো নাগালের বাইরে নয়।

পেজেশকিয়ান আরও বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও সমন্বয় করতে প্রস্তুত। এ ক্ষেত্রে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য অতিরিক্ত আঞ্চলিক দেশগুলোর উপস্থিতি বা হস্তক্ষেপ প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে পুতিন ইরানের বিরুদ্ধে সংঘটিত হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধের ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ইরানকে দীর্ঘমেয়াদি নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

ফোনালাপে পুতিন ইরানের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, চলমান আঞ্চলিক পরিস্থিতির মধ্যেও ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তির আওতায় তেহরান ও মস্কোর সহযোগিতা অব্যাহত রয়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও জানান, কয়েকটি দেশ উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে এবং রাশিয়া এসব কূটনৈতিক উদ্যোগকে সমর্থন করে। ইরানের বন্ধুরা মস্কোর সহযোগিতার বিষয়ে নিশ্চিত থাকতে পারে বলেও তিনি জানান। সূত্র: ডন

এএস
আরও পড়ুন