ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে কাঙ্ক্ষিত ফল না পেয়ে শত্রুপক্ষ এখন দেশটির ভেতরে অস্থিতিশীলতা ও সহিংসতা ছড়ানোর দিকে মনোযোগ দিয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
বুধবার (০৭ অক্টোবর) পুলিশপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা রাদানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় জনসেবা ও শত্রুপক্ষের ষড়যন্ত্র মোকাবিলায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন গালিবাফ।
৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় ধরনের সামরিক আগ্রাসনের প্রসঙ্গ তুলে গালিবাফ বলেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে ইরানের ক্ষতি করা সম্ভব নয়. যুক্তরাষ্ট্র বিষয়টি বুঝতে পেরেছে। তাঁর মতে, এর ফলে ইরানের বিরুদ্ধে এক ধরনের প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি হয়েছে।
গালিবাফ বলেন, এ কারণে ইরানের ওপর অর্থনৈতিক ক্ষেত্রে গুরুতর ও মৌলিক চাপ সৃষ্টি এবং দেশের ভেতরে নিরাপত্তা বিঘ্নিত করার দিকে শত্রুপক্ষ মনোযোগ দিয়েছে।
তিনি আরও বলেন, শত্রুপক্ষের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ইরানের ভেতরে সহিংস কর্মকাণ্ড চালানো। তাঁর মতে, এই কৌশলই দেখিয়ে দিচ্ছে যে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
গালিবাফের এই বক্তব্যের আগে গত মাসে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র আরোপিত সমস্যা ও বিধিনিষেধের মাধ্যমে ইরানে বিভাজন এবং সামাজিক ভাঙন তৈরির চেষ্টা করছে।
পেজেশকিয়ান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় জাতীয় ঐক্য ও সংহতি অপরিহার্য। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সমন্বয় বজায় রেখে ঐক্য ও সংহতি ধরে রাখতে পারলে ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পেজেশকিয়ান
বাস্তুচ্যুতদের জন্য হিজবুল্লাহকে ইরানের ২০০ মিলিয়ন ডলার সহায়তা
যুদ্ধকে ন্যায্যতা দিতে ইরানের বিরুদ্ধে সাজানো হামলার আশঙ্কা