ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশের মেহরাস্তান কাউন্টিতে গুলিতে নিহত হয়েছেন নারী বাসিজ ইউনিটের এক কমান্ডার। বুধবার (১৪ অক্টোবর) নিজ বাড়ির বাইরে তাঁকে গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম তাসনিম। সাম্প্রতিক সময়ে প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে একের পর এক হামলা ও সশস্ত্র সংঘর্ষের মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মেহরাস্তানে ওই নারী কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে হামলার বিস্তারিত পরিস্থিতি, হামলাকারীদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের পেছনে থাকা ব্যক্তিদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
তাসনিম হামলাটির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে বর্ণনা করা সশস্ত্র ব্যক্তিদের দায়ী করেছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং কোনো নির্দিষ্ট সশস্ত্র গোষ্ঠীর নামও উল্লেখ করা হয়নি।
বাসিজ হলো ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অধীন পরিচালিত একটি আধাসামরিক সংগঠন। দেশটির নিরাপত্তা কাঠামোর সঙ্গে যুক্ত এ সংগঠনের একজন নারী ইউনিট কমান্ডারের হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল, যখন সিস্তান-বেলুচিস্তানে পুলিশ ও সামরিক সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে।
এর আগের দিনই প্রদেশটির রাজধানী জাহেদানের কাছে একটি অভিযানে পাঁচজন কথিত অপহরণকারী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছিল ইরানি কর্তৃপক্ষ। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই অঞ্চলে বোমা বিস্ফোরণ, গুলিবর্ষণ ও সশস্ত্র সংঘর্ষে একাধিক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে ইরানের নিরাপত্তা বাহিনী ও বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ চলে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের ঘটনার সংখ্যা ও তীব্রতা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
বন্দুকধারীদের হামলায় হামলায় ইরানি পুলিশ কর্মকর্তা নিহত
'ইসলামি প্রজাতন্ত্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে প্রতিপক্ষরা'
আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়াবে ইরান