লস অ্যাঞ্জেলেস ধ্বংসের দাবি ট্রাম্পের নির্বাচনী প্রচারের বুলি: ইরান

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পিএম

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লস অ্যাঞ্জেলেস ধ্বংসের বক্তব্যকে ঘিরে রুশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, মার্কিন শহরগুলো ধ্বংস হয়ে যেতে পারে বলে ট্রাম্প যে দাবি করেছেন, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এসব বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অবাস্তব এবং নির্বাচনী প্রচারের বুলি ছাড়া আর কিছুই নয়।

ইরানের এই কূটনীতিক বলেন, ইরানের সামরিক নীতি অত্যন্ত স্পষ্ট ও দায়িত্বশীল। এই নীতির ভিত্তি হলো প্রতিরক্ষা ও শত্রুপক্ষকে আগ্রাসন থেকে বিরত রাখার সক্ষমতা গড়ে তোলা। ইরান কখনো কোনো যুদ্ধের সূচনা করেনি বলেও দাবি করেন তিনি। তবে দেশটির সামরিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তি যে বাস্তব এবং অস্বীকার করার উপায় নেই, তা-ও স্পষ্ট করে দেন জালালি।

ট্রাম্পের বক্তব্যের রাজনৈতিক উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন ইরানের রাষ্ট্রদূত। তাঁর মতে, নির্বাচনী প্রচারের সময় নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরানের প্রকৃত প্রতিরোধক্ষমতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধ মেটানো এবং ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হিসাব চুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, নিজেদের জনগণকে ভয় দেখাতে আকাশে এক কাল্পনিক শত্রুর ছবি হাজির করা হচ্ছে, যাতে মাটিতে থাকা প্রকৃত হুমকিটি মানুষের নজরের বাইরে থেকে যায়।

বাঘাইর ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য প্রকৃত বিপদ দেশের সীমানার বাইরে কিংবা লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোর আকাশে নয়। বরং সেই বিপদ এমন এক শাসকগোষ্ঠীর মধ্যে, যারা বিশ্বের ওপর একটি অবৈধ যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং যার পরিণতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে।

ইরানের এই মুখপাত্র আরও বলেন, ট্রাম্প নিজেই লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগো ধ্বংস হয়ে যাওয়াকে খুব সামান্য মূল্য বলে বর্ণনা করেছেন। বাঘাইর মতে, এ ধরনের বক্তব্য ভীতির রাজনীতির একটি স্পষ্ট উদাহরণ। এতে একদিকে মানুষকে কাল্পনিক হুমকির ভয় দেখানো হচ্ছে, অন্যদিকে নিজেদের শহর ধ্বংস হওয়ার সম্ভাবনাকেও গ্রহণযোগ্য মূল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। এর মাধ্যমে মানুষের মনোযোগ প্রকৃত বিপদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্যে মার্কিন প্রশাসনের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠে এসেছে। তাঁদের দাবি, ইরানের সামরিক সক্ষমতাকে ঘিরে ভয় ও আশঙ্কা ছড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করা হচ্ছে। তেহরানের বক্তব্য, তাদের সামরিক নীতি প্রতিরক্ষামূলক হলেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাস্তব; আর সেই সক্ষমতাকে কেন্দ্র করে ভয় দেখানোর বদলে সংঘাতের প্রকৃত কারণ ও পরিণতি নিয়ে আলোচনা করা প্রয়োজন। সূত্র: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত